২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। ম্যাচের পরপরই দলের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে নিজের পদ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।
আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচ শেষে এক আবেগঘন সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান ৪৫ বছর বয়সী কোচ। তিনি বলেন, দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় তিনি সরে দাঁড়াচ্ছেন।
বেকাসেসে বলেন, “বিশ্বকাপের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম— ইকুয়েডরের ইতিহাসে এটিকে সেরা বিশ্বকাপ বানানোর— সেই কীর্তি আমরা গড়তে পারিনি। তাই আজ আমার বিদায় বলার পালা।”
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব চালিয়ে যেতে চেয়েছিলাম। খেলোয়াড় ও ম্যানেজমেন্টের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তা চুক্তি বাড়ানোর দাবি রাখে। কিন্তু পেশাদার ফুটবলের নিয়ম আমি বুঝি। সিদ্ধান্তটা পরিষ্কার ছিল, যদিও এটি অত্যন্ত কষ্টদায়ক।”
আরও পড়ুন: “আমি বাংলাদেশকে পছন্দ করি”: এমিলিয়ানো মার্টিনেজ
ম্যাচের প্রথমার্ধে মেক্সিকোর আধিপত্যের কথা স্বীকার করে বেকাসেসে বলেন, “প্রথমার্ধে প্রতিপক্ষ আমাদের পুরোপুরি কোণঠাসা করে ফেলেছিল। দ্বিতীয়ার্ধে বল নিয়ন্ত্রণে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাইনি।”
উল্লেখ্য, গ্রুপপর্বে জার্মানির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন ম্যাচ জিতে নকআউট পর্বে উঠেছিল ইকুয়েডর। তবে সহ-আয়োজক মেক্সিকোর সামনে তারা আর দাঁড়াতে পারেনি।



















































































































































































































































































































































































































































